চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের পিঠা উৎসব

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৬:৫২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের পিঠা উৎসব

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “বাংলার পিঠা বাংলা গান, উৎসবের রঙে রঙিন হোক সবার প্রাণ” এ স্লোাগানকে সামনে রেখে বসন্তের আমেজে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী নানা রকম পিঠা দিয়ে সাজানো হয় ১২ টি স্টল।  

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আফরোজ।

তিনি বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি  জোরদার করে। পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন রকমের তৈরী পিঠার স্টলগুলো পরিদর্শন করেন  তিনি।

বিভিন্ন নামে স্টলগুলো নামকরণ করা হয়েছে-বসন্ত বিলাস, বাঙালিয়ানা, পিঠা পার্বণ, পিঠা পল্লী, ঐতিহ্যের পিঠা, রসনা বিলাস, পিঠার আসর, তিতাস নদীর পাড়ে, জুনিয়র পিঠা হাউস, পিঠা ঘর, সপ্তবর্ণা ও পিঠার হাড়ি আমার বাড়ি।

স্টলগুলোতে ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধপুলি, গোলাপ পিঠা, কদম পিঠা, জামাই পিঠা, টিরামিসু পিঠা, কফির পুডিং, নবাবি কাপ সেমাই, চিরুনি পিঠা, কুল চিকেন পিঠা, পাকানসহ বিভিন্ন রকমের  মজাদার পিঠা। এ উৎসবে যোগ দেয় শিক্ষার্থীরা। আর সেই পিঠা খেতে আসা অতিথিদের আনন্দ দেয় ছাত্র-ছাত্রীরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক  রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মনিরুজ্জামান বলেন, গ্রাম বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন স্বাদের পিঠা বানিয়ে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরতে পেরেছে।

উৎসবে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পিঠা উৎসব যেন দিনব্যাপী ফিরিয়ে এনেছিল গ্রামীণ বাংলার চিরচেনা ঐতিহ্য ও সংস্কৃতির আবহ। এই পিঠা উৎসবে অংশগ্রহণকারী সেরা ৩টি স্টলকে পুরস্কার এবং বাকি স্টগুলোকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।

এসএইচ 

Link copied!