৩ মার্চ থেকে অগ্রিম টিকিট, ঈদে চট্টগ্রাম–চাঁদপুরে দুই বিশেষ ট্রেন

  • চট্টগ্রাম ব্যুরো | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৫:০৯ পিএম
৩ মার্চ থেকে অগ্রিম টিকিট, ঈদে চট্টগ্রাম–চাঁদপুরে দুই বিশেষ ট্রেন

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে চাঁদপুর রুটে দুটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ৩০ মিনিটে ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে বিকেল ৪টায় ছেড়ে রাত ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে।

৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের যাত্রার টিকিট। ঈদে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট চাঁদ দেখার ওপর নির্ভর করবে।

ফেরত যাত্রার টিকিটও ১৩ মার্চ থেকে বিক্রি শুরু হবে। প্রতিটি যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে পাওয়া যাবে।

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ দিন বাতিল করা হয়েছে। চাহিদা অনুযায়ী অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। ১৯ মার্চ রাত ১২টার পর থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানী তেলবাহী ট্রেন ব্যতিত অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তাদের তদারকি বাড়ানো হবে। রেলওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া টিকিট লিংক থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এসএইচ 

Link copied!