ছবি: প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলায় মৎস্যজীবীরা সাগরে জলদস্যুর সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার প্রতিবাদে মানববন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার পরে পৌর শহরের গোলচত্বরে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, বিএফডিসি মৎস্য আড়তদার সমিতি, পাইকার সমিতি ও ট্রলার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠানো হয়।
জেলেদের অভিযোগ, সম্প্রতি ‘বড় জাহাঙ্গীর’ ও ‘ছোট জাহাঙ্গীর’ নামে পরিচিত দুটি জলদস্যু চক্র সক্রিয় হয়েছে। এসব চক্র ট্রলার ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ আদায়ে লিপ্ত। ১৫ ফেব্রুয়ারি সুন্দরবনের কটকা এলাকা থেকে পাথরঘাটা সদর ইউনিয়নের মাসুম মাঝিকে ট্রলারসহ অপহরণ করা হয়। চার লাখ টাকা মুক্তিপণ পরিশোধের পর তিনি মুক্তি পেলেও ট্রলারের তিন মাঝি এখনও নিখোঁজ। এর আগে জলদস্যুরা জেলে রাজু ও কাঁকড়াশিকারি নিহার মণ্ডলকে এক লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেয়। ফেরার পথে তাদের ট্রলার লক্ষ্য করে আরেকটি দস্যু দল গুলি চালায়।
মৎস্যজীবীরা যৌথ বাহিনীর অভিযান জোরদার, নৌ টহল বৃদ্ধি এবং অপহৃত জেলেদের দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন। তারা জানান, দস্যুদের সন্ত্রাসের কারণে জেলেরা সাগরে যেতে ভয় পাচ্ছেন, যা উপকূলীয় অর্থনীতির জন্য ক্ষতিকর।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, ‘জেলেদের স্মারকলিপি পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’
এসএইচ
আপনার মতামত লিখুন :