ছবি: প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলায় হাটের টেন্ডার শিডিউল দাখিলের সময় জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমানের ওপর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে বেধড়ক মারপিট করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে, যেখানে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের প্রতিহত করতে সক্ষম হয়নি।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ছিল উপজেলা পরিষদের ডাকা হাট বাজার ইজারার টেন্ডার দাখিলের শেষদিন। একই সময়ে বিকেল তিনটায় নির্ধারিত ছিল দাখিলকৃত টেন্ডার বাক্স খোলার অনুষ্ঠান। দুপুরে ছাইকোলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আওরঙ্গজেব তার এলাকার একটি হাটের টেন্ডার দাখিল করতে উপজেলায় যান। তখন আশপাশে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাবিবুর রহমানের ওপর হামলা চালায়।
ভুক্তভোগী হাবিবুর রহমান বলেন, ‘আমি ইউএনও অফিসে নিজের এলাকার একটি সমস্যা সমাধানের জন্য এসেছিলাম। টেন্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। ইউএনও অফিস থেকে বের হতেই বিএনপি নেতাকর্মীরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।’ তিনি স্থানীয় এমপি ও উপজেলা জামায়াতের আমিরকে জানিয়েও আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।
হামলাকারীদের মধ্যে মুলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, স্বেচ্ছাসেবক দল নেতা বাবলু মিস্ত্রি, শাহীন আলম, সোহলে রানা, বিএনপি নেতা জাবের মোল্লা, জিয়া মুন্সী, রিন্টু, যুবদল নেতা শাহীন, ছাত্রদল নেতা ইমনসহ শতাধিক নেতা- কর্মী জড়িত বলে হাবিবুর রহমান অভিযোগ করেছেন।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ‘ঘটনাটি ঘটেছে। এটি ফৌজদারী অপরাধ। টেন্ডার দাখিল ও খোলা নিয়ে পুলিশ মোতায়েন ছিল, তারপরও কীভাবে ঘটনা ঘটল তা আমি বলতে পারছি না।’ চাটমোহর থানার ওসি গোলাম সারওয়ার হোসেনও পুলিশি উপস্থিতিতেও হামলার ঘটনা ঘটে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে অস্বীকার করেছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :