ছবি: প্রতিনিধি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
রোববার (৮ মার্চ) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী প্রকল্পের নির্মাণকাজের বর্তমান অবস্থা এবং বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে জাতীয় বিদ্যুৎ খাতে যুগান্তকারী অবদান রাখবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী পদমর্যাদাসম্পন্ন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আযাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন, মন্ত্রীর পিএস মোখলেছুর রহমান, প্রকল্প পরিচালক ড. কবীর হোসেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ প্রকল্পে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর চিফ পিপিএস এস এম মাহমুদ আরাফাত জানান, মন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল প্রকল্পের মেইন কন্ট্রোল রুমসহ পুরো সাইট পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রকল্প এলাকায় পৌঁছালে এনপিসিবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান মন্ত্রীকে স্বাগত জানান।
পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় ড. জায়েদুল হাসান প্রকল্পের চূড়ান্ত প্রস্তুতি, অগ্রগতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, প্রায় এক বছরেরও বেশি সময় ধরে জ্বালানিবিহীন রিয়্যাক্টর অপারেশন (হট রান) চালানোর পরও কোনো বড় ধরনের ত্রুটি ধরা পড়েনি। নিরাপত্তাসংক্রান্ত সব পরীক্ষাও সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে অচিরেই রিয়্যাক্টরে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোড করে বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :