ছবি: প্রতিনিধি
পাবনার ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে সোমবার দুপুরে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মকলেছুর রহমান বাবলু দাবি করেন, নাটের গুরু সিরাজুল ইসলাম সরদারের ভোট ঢালার কারণে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ধানের শীষের প্রার্থী হেরে গেছে।
বাবলু বলেন, সিরাজুল ইসলাম সরদার তার বাসভবনে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা নেতাকর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, হাবিবুর রহমান হাবিব একজন সৎ, নির্ভীক ও ত্যাগী নেতা, যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জেল-জুলুমের শিকার হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, সিরাজুল সরদার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, তবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কখনও অংশগ্রহণ করেননি। ১৯৯৪ সালে ঈশ্বরদীতে স্বৈরাচারী সরকারের আগমন ও তার পরবর্তী ঘটনার মামলাগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক ও দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঝাড়ু মিছিল করা এবং হাবিবুর রহমান হাবিবের উপর হামলার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন বাবলু।
বাবলু সংবাদ সম্মেলনে সিরাজুল ইসলাম সরদারকে বিএনপি থেকে বহিষ্কার করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব অধ্যাপক আজমল হোসেন সুজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দাশুড়িয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন, বিএনপি, যুবদল, মহিলা দল, শ্রমিক দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসএইচ
আপনার মতামত লিখুন :