ছবি : প্রতিনিধি
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ধরলা নদীর উপর ফুলবাড়ী উপজেলা থেকে কুড়িগ্রাম সদর উপজেলার সংযোগ সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বুধবার (২৫ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম শহরের ধরলা নদীর তীরবর্তী আরডিআরএস বাজার এলাকা থেকে পেড্ডার মোড় পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধরে ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ধরলা নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। ফলে দুই উপজেলার মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তারা দ্রুত বাঁংটুর ঘাট এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, সেতুটি নির্মাণ হলে এলাকার অর্থনীতি, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দাবি করেন।
পিএস
আপনার মতামত লিখুন :