ছবি: প্রতিনিধি
বগুড়ায় বিএনপি কর্মী আরিফুল ইসলাম মুন্না হত্যা মামলার প্রধান আসামি মো. সাইউম হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে ঢাকার তুরাগ এলাকা থেকে যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইউম বগুড়া সদর উপজেলার ফাঁপোড় শাহারপুকুর এলাকার মৃত আজিজার রহমানের ছেলে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে বগুড়ায় র্যাব-১২ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ এ তথ্য জানান।
র্যাব জানায়, গত মঙ্গলবার দুপুরে বগুড়ায় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফুল ইসলাম মুন্না (৫১)। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নিহত মুন্না ওই এলাকার মৃত চিকিৎসক ইয়াছিন আলীর ছেলে এবং ফাঁপোড় ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।
র্যাব কর্মকর্তা জানান, মুন্না ও সাইউমের মধ্যে মাদক ব্যবসার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া সাইউমের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলাও করেছিলেন মুন্না, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
মামলার পর থেকে সাইউম ও তাঁর সহযোগীরা মুন্নাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ২৩ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুন্না বাড়ি ফেরার পথে বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় আদর্শ কলেজ সড়কের কাছে একদল ব্যক্তি তাঁর পথরোধ করে। সেখানে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে নাভিতে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী নিলুফা ইয়াসমিন বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামি সাইউম ঢাকার তুরাগ থানার কামারপাড়া এলাকায় অবস্থান করছেন বলে জানা যায়। পরে র্যাব-১২ (বগুড়া) ও র্যাব-১ (উত্তরা) যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :