সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

  • দিনাজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১০:১৬ এএম
সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ছবি : সংগৃহীত

দিনাজপুর: সাতসকালে দেশের সড়কে ঘটে গেল আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে দিনাজপুর-গাইবান্ধা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মোশারফ হোসেন বাবু (৫৮)। নিহতের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকায়। অপর নিহত ব্যক্তির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআই

Link copied!