তেল নিয়ে তেলেসমাতি কারবার

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০১:১৭ পিএম
তেল নিয়ে তেলেসমাতি কারবার

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে পেট্রোল পাম্পগুলোতে তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার। ঈদের আগে থেকেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইন ধরে তেল নিতে হয়েছে। ঠিক একই অবস্থা ঈদের পরেও বিরাজ করছে। সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বলছেন তেলের সংকট নেই।

ঈশ্বরদীতে বেশির ভাগ পাম্পে তেল না থাকার কারণে বন্ধ থাকে। দিনের বেলায় তেল পাওয়া যাচ্ছে না। কিছু পাম্প ২০০ টাকা পরিমাণে তেল দিচ্ছে। দুইশ টাকার তেল নিতে এক থেকে দুই ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। তেল নিতে আসা অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

রোববার তেল নিতে আসা মিজানুর রহমান জানান, দীর্ঘ দুই ঘন্টা লাইনে দাঁড়িয়েও এখনো তেল পাইনি। জানি না আজ তেল পাব কি না। পাম্পগুলোতে কবে নাগাদ আমাদের চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাবে আল্লাহ ভালো জানেন।

হাসমত আলী বলেন, টাকা দিয়ে তেল নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল শেষ হওয়াতে অনেক সময় বাড়ি ফিরে যেতে হয়। দুইশত টাকার তেলে বেশি দূর যাওয়া যায় না। আজ রোববার তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শিক্ষক মুক্তার হোসেন জানান, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তেলের সংকট নেই। কিন্তু আমরা তেল নিতে পাম্পে এলে আমাদের চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। দিনের বেশির ভাগ সময় পাম্পে তেল পাওয়া যায় না। মাত্র দুই একটি পাম্প ২০০ টাকার তেল দিচ্ছে।

পাম্প ম্যানেজার সোহেল বলেন, বাগাবাড়ি ঘাট থেকে আমাদের চাহিদা মোতাবেক তেল পাচ্ছি না। তেল আনার জন্য গাড়ি গিয়ে তেল না পেয়ে মাঝে মধ্যেই ফিরে আসছে। আমরা তেল না পাওয়ায় ক্রেতাদের চাহিদা মোতাবেক তেল দিতে পারছি না। আমরা এটাও শুনতে পাচ্ছি তেলের সংকট হওয়ার কারণে অনেক মোটরসাইকেলের মালিক পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুদ রাখছেন। এ কারণেও তেলের সংকট দেখা দিচ্ছে বলে মনে করছি।

পিএস

Link copied!