ছবি: প্রতিনিধি
নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সোমবার সকাল ১০টায় শহরের ইপিআই ভবনে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ এবং জেলা বিএনপির সদস্য আহ্বায়ক মীর সেলিম ফারুকসহ অনেকে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে এবং অভিভাবকেরা যেন কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আজ থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এ কার্যক্রম চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনা মূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে। জেলার ৬টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ১ হাজার ১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :