ফাইল ছবি
গ্রুপ পর্বের সব রোমাঞ্চ আর সমীকরণ চুকিয়ে হেক্সা মিশনের প্রথম ধাপ পার করল ব্রাজিল। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল। একই গ্রুপ থেকে সমান ৭ পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে গেছে আফ্রিকার দেশ মরক্কো। গ্রুপ সেরা হওয়ায় স্বভাবতই কিছুটা সহজ প্রতিপক্ষ পাওয়ার বাড়তি সুবিধা পাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নকআউট পর্বের সূচি অনুযায়ী, 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এর লড়াইয়ে মুখোমুখি হবে 'এফ' গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের। বর্তমান সমীকরণ অনুযায়ী, ঠিক এই মুহূর্তে 'এফ' গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপান। ফলে বর্তমান অবস্থান অপরিবর্তিত থাকলে আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় নকআউটের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ হতে যাচ্ছে ব্লু সামুরাইরা।
তবে এখনই চূড়ান্তভাবে কিছু বলার সুযোগ নেই। কারণ 'এফ' গ্রুপের দলগুলোর এখনো একটি করে ম্যাচ খেলা বাকি রয়েছে। ফলে গ্রুপটির রানার্সআপ পজিশন নিয়ে নাটকীয়তা এখনো শেষ হয়নি; এই দৌড়ে জাপানের পাশাপাশি টিকে আছে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডসও।
সব ধোঁয়াশা কেটে যাবে আগামীকাল ভোররাতেই। বাংলাদেশ সময় ভোর পাঁচটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান মাঠে নামবে সুইডেনের বিপক্ষে। একই সময়ে অন্য ম্যাচে নেদারল্যান্ডস মুখোমুখি হবে টুর্নামেন্ট থেকে ইতিমধ্যে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া তিউনিসিয়ার। এই দুটি হাইভোল্টেজ ম্যাচের শেষ বাঁশি বাজার পরই নিশ্চিত হবে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের আসল পরীক্ষাটা কার বিপক্ষে।
এসএইচ
আপনার মতামত লিখুন :