ছবি: প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে মাধবপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মসিউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। নিহত মোহন শেখ মসিউর রহমানের সমর্থক ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :