মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:০১ পিএম
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে যুবদল নেতার মামলা

ফাইল ছবি

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এই মামলার আইনি প্রক্রিয়ার চেয়েও বড় আলোচনা তৈরি হয়েছে মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদারের রাজনৈতিক পরিচয় নিয়ে। বাদী নিজেকে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের নেতা দাবি করলেও স্থানীয় যুবদল নেতৃত্ব বলছেন তিনি আসলে সাবেক যুবলীগ কর্মী।

আজ বুধবার (২৪ জুন) কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার জালাল আহমেদ খোকন তালুকদার বাদী হয়ে থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় মুফতি ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকার কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। একটি নির্দিষ্ট ইউটিউব ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপ করা হয়েছে বলে এজাহারে অভিযোগ করা হয়। এছাড়া একটি ফেসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট করা হয়। এসব মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্যের মাধ্যমে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টার প্রতিবাদেই এই মামলা।

তবে মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদারের পরিচয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি সাংবাদিকদের কাছে নিজেকে কুমিল্লা মহানগর যুবদলের ২৬ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। বিএনপির সংসদ সদস্য তথা দলীয় নেতার মানহানি হওয়ায় তিনি সংক্ষুব্ধ হয়ে মামলাটি করেছেন বলে জানান।

অথচ মহানগর যুবদল তার এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছে। কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান স্পষ্ট ভাষায় বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন, এমনকি সংগঠনের কোনো পর্যায়ের সদস্যও নন। তিনি অতীতে সরাসরি যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এদিকে এই মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের সেন্ট্রাল মিডিয়া সাব-কমিটির পক্ষ থেকে প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান এই মামলাটিকে ‘ফ্যাসিবাদের অপতৎপরতা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে মামলার বাদী অতীতে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তারা বিষয়টি আইনগতভাবেই মোকাবিলা করবেন। সব মিলিয়ে একটি মানহানির মামলাকে কেন্দ্র করে কুমিল্লার রাজনৈতিক মাঠে এখন দলবদল ও পরিচয় বিতর্কের এক নতুন হাওয়া বইছে।

এসএইচ 

Link copied!