ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা

  • ফরিদপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৫৪ এএম
ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে নিজের দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (৪০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৬টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ও র‍্যাব-১০-এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গদাধর ডাঙ্গীর বাড়ির পাশে একটি কলাগাছের বাগানে তিনি পালিয়ে ছিলেন। এর আগে সোমবার রাত ১০টার দিকে ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- অভিযুক্ত আকাশের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। এ ঘটনায় প্রতিবেশী রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮) আহত হয়েছে। তাদেরকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

হত্যাকাণ্ডের পর পালিয়ে গেলেও গা ঢাকা দিয়ে থাকতে পারেননি অভিযুক্ত আকাশ। র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক রেজাউল করিম আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই আসামিকে ধরতে তারা তৎপর ছিলেন। ভোরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আসামিকে বর্তমানে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এম

Link copied!