ছবি : প্রতিনিধি
চুয়াডাঙ্গা: ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে এ অভিযান চালানো হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
অভিযানে বৃহস্পতিবার রাতভর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় নিয়মিত মাইকিং করা হয়। এসময় স্থানীয় সীমান্তবর্তী জনসাধারণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করা হয়। কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবি ক্যাম্পে বা বিওপিকে অবহিত করার আহ্বান জানানো হয় স্থানীয়দের।
বিজিবি জানায়, বুধবার রাত থেকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সব কোম্পানি ও বিওপির এলাকায় পুশইন এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির নেতৃত্বে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও পরিচালিত হচ্ছে। বিশেষ করে রাতে সীমান্ত এলাকায় নিবিড় নজরদারি নিশ্চিত করতে হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন আধুনিক পর্যবেক্ষণ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।
বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশের ঝুঁকি এবং প্রতিরোধে জনসম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে সব সীমান্ত অপরাধ বন্ধে বিশেষভাবে কাজ শুরু করা হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
পিএস
আপনার মতামত লিখুন :