জুলাই আন্দোলনে নিহত ৭৩৪ নেতাকর্মীর স্মরণে গাছের চারা রোপণ 

  • পিরোজপুর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:২১ পিএম
জুলাই আন্দোলনে নিহত ৭৩৪ নেতাকর্মীর স্মরণে গাছের চারা রোপণ 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে পিরোজপুর পৌরসভার সকল ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় পৌরসভার বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাম-গঞ্জ, পাড়া-মহল্লা এবং স্কুল-কলেজের সামনে ব্যাপক বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বৃক্ষরোপণ সূচনা করেছিলেন। সেই ধারাবাহিকতায় তার সন্তান তারেক রহমান এর উদ্যোগে আজ দেশব্যাপী সবুজায়নের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

লাভলু বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম এবং জুলাইয়ের আন্দোলনে বিএনপির ৭৩৪ জন নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রতীকীভাবে আজ ৭৩৪টি গাছের চারা রোপণ করা হচ্ছে এবং পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫ থেকে ৭ হাজার গাছ লাগানো হবে।

তিনি আরও বলেন, দেশ বাঁচাতে হলে গাছ লাগাতে হবে। আমরা গাছ লাগাব, সবুজ বিপ্লব ঘটাব। পরিবেশ রক্ষায় এ বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে চলমান থাকবে। 

এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহবায়ক নাদিম শেখসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

পিএস

Link copied!