ঈশ্বরদীতে ধর্ষণ-হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:১৯ পিএম
ঈশ্বরদীতে ধর্ষণ-হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বহুল আলোচিত দাদি ও নাতনিকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে পাবনা-দাশুড়িয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য এবং কয়েকটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

টানা তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ থাকার কারণে সড়কের উভয় পাশে অন্তত দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পরিবহনশ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর এলাকায় নিজ বাড়িতে ৬৫ বছর বয়সী সুফিয়া খাতুনকে হত্যা করা হয়। একই সঙ্গে তাঁর ১৫ বছর বয়সী নাতনি জামিলা আক্তার সেতুকে অপহরণের পর ধর্ষণ ও হত্যা করা হয়। এই ঘটনার মূল অভিযুক্ত শরিফসহ জড়িত সবার সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসি কার্যকরের দাবি জানান তাঁরা।

সড়ক অবরোধের কারণে শত শত যানবাহন আটকা পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এবং ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।

প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিচার সম্পন্ন ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পর প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। তবে তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিচার প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব বা গড়িমসি মেনে নেওয়া হবে না।

এসএইচ 

Link copied!