পারিবারিক কলহে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত

  • রাজশাহী প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৪:৫০ পিএম
পারিবারিক কলহে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবা নিহত

ছবি : প্রতিনিধি

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হামলায় রেজাউল করিম (৬০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাকিবুল করিম (২৭) পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী বেড়ার মসজিদ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিম পেশায় একজন স্কুলশিক্ষক ছিলেন। অভিযুক্ত রাকিবুল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সোমবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে রাকিবুলের সঙ্গে তার মা-বাবার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাকিবুল ঘরে থাকা একটি ভারী মুগুর দিয়ে বাবার মাথায় একাধিক আঘাত করেন। গুরুতর আহত রেজাউল করিম অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পরপরই অভিযুক্ত রাকিবুল পালিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পারিবারিক কলহের জেরে তর্কাতর্কির একপর্যায়ে ছেলে তার বাবাকে মুগুর দিয়ে আঘাত করে হত্যা করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পিএস

Link copied!