ছবি : প্রতিনিধি
নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় টিফিনের সময় স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে জোরপূর্বক একটি ফাঁকা বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে এক যুবক। তবে উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়ে অভিযুক্তের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে যায় ওই ছাত্রী।
রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার বালোয়া-বাসোয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত গৌতম কুমার একই উপজেলার চৌগ্রাম এলাকার গিরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পথে গৌতম কুমার ওই ছাত্রীকে জোর করে ফাঁকা একটি বাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রীটি আত্মরক্ষার্থে অভিযুক্তের হাতে কামড় দিয়ে নিজেকে ছাড়িয়ে দ্রুত পালিয়ে যায় এবং চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনার পর স্থানীয়দের গণধোলাইয়ে আহত গৌতম কুমারকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :