ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি পাওয়া গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ সময় আদালত চত্বরে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন ছাত্রদলের কয়েকজন বিক্ষুব্ধ কর্মী।
বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়ায় আনা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ওপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে তিনি সেটি মুছে ফেলেন এবং প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন।
এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত ২ আগস্ট বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
এজাহারে বলা হয়, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে প্রকাশিত পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে তিনি পোস্টটি সরিয়ে নেন।
এজাহারে আরও বলা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মীর নজরে এলে দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীকে নিয়ে ওই পোস্ট দেওয়ার ঘটনায় গত ১ আগস্ট এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিবের পদ থেকে তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। পরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এটি এনসিপি থেকে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দ্বিতীয় দফা সাংগঠনিক ব্যবস্থা। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপায় কমিশন বাণিজ্যের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে প্রায় সাড়ে তিন মাসের মাথায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্টের ঘটনায় আবারও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় দল।
এসআই