ছবি : সংগৃহীত
খুলনা: খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় চুরির অপবাদ দিয়ে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে ইসলামনগর মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজমল চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খাজা হল সংলগ্ন গলির একটি ভবনের পঞ্চম তলার মেসে ভাড়া থাকতেন। শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে একদল যুবক চুরির অভিযোগ তুলে তাকে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে দেয়। নির্যাতনের একপর্যায়ে যুবকটি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে রাত ১টা ৩০ মিনিটের দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, আজমলকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দাবি করেছিলেন যে, চুরি করে পালানোর সময় ওপর থেকে লাফ দিয়ে পড়ে তিনি আহত হয়েছেন। তবে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখে ঘটনাটি সন্দেহজনক মনে হয়। আজমলের মৃত্যুর খবর পাওয়ার পরপরই হাসপাতালে তাকে পৌঁছে দিতে আসা যুবকরা দ্রুত সেখান থেকে চলে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে চুরির অপবাদে আজমল নামের এক যুবককে মারধর করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে নানা গুঞ্জন তৈরি হওয়ায় পুলিশের একটি টিম ইতিমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করেছে।
তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
পিএস