ছবি : সংগৃহীত
কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় তার ব্যবসায়িক অংশীদারসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তার ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুমনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার দিন শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রেস্টুরেন্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এর আগে শনিবার সকালে উখিয়ার টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় রিসোর্টের ভেতরে থাকা কয়েকজন আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। উদ্ধার করা মরদেহগুলোর পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান।
তিনি বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত হওয়ার পর পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণ, নিরাপত্তাব্যবস্থা এবং রিসোর্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কি না—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআই