ছবি : প্রতিনিধি
রাঙামাটি: পাঁচ দফা দাবিতে রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আগামী রোববার (১ নভেম্বর) এক দিনের জন্য শিথিল করা হবে। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সড়কে যান চলাচল করতে পারবে। পরদিন সোমবার থেকে আবার আগের মতো অবরোধ কর্মসূচি চলবে।
শুক্রবার সন্ধ্যায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা ও কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাধারণ মানুষের মৌলিক চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে রোববার এক দিনের জন্য অবরোধ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে কঠিন চীবর দানোৎসব পালন করতে পারেন, সে জন্য আলোচনা সাপেক্ষে বিশেষ ছাড় দেওয়া হবে। এ বিষয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
পাঁচ দফা দাবিতে ২২ অক্টোবর থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। তাদের দাবির মধ্যে রয়েছে– জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সাজেক থেকে সরিয়ে নেওয়া, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা।
পিএস