ছবি : সংগৃহীত
জামালপুর: জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য। তাদের মধ্যে রয়েছেন স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী এক শিশুসন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে যাচ্ছিল। এ সময় জামালপুরগামী দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে তিন যাত্রী নিহত হন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি স্থানীয়রা আটক করেছেন। তবে চালক পালিয়ে গেছেন। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এসআই