বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, দুইজন আটক

  • বাকৃবি প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬, ০১:৪৪ পিএম
বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, দুইজন আটক

ছবি : প্রতিনিধি

বাকৃবি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের দুই জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাকৃবি শাখা ছাত্রদল।

সোমবার ( ৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ওই দুইজন ধরা পড়ে। আটককৃত ব্যক্তিরা হলেন- আনন্দ মোহন কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। এসময় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যায়। এরপর ওই দুই জনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক করে থানায় সোপর্দ করে।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিন জন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা সেখান দিয়ে যাওয়ার পথে তাঁদের দেখতে পেয়ে হাতেনাতে আটক করেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল পালাতে সক্ষম হলেও অপর দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব জানান, ঘটনার সময় আমরা ফার্স্ট গেটে ছিলাম। আমাদের কর্মীরা দুজনকে আটক করলে বিষয়টি জানতে পেরে আমি সহ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ওই দুই জনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক করে থানায় সোপর্দ করে।

পিএস

Link copied!