ছবি ; প্রতিনিধি
পাবনা: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের একমাত্র বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) তিন দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি পরিকল্পনা কর্মশালা-২০২৬ সম্পন্ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ইনস্টিটিউটের ইয়াছিন আলী প্রশিক্ষণ হলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএসআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. মো. আতাউর রহমান ও পরিচালক (টিওটি) ড. সেলিনা আখতার। এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাদিকা হক, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রঞ্জন রায়।
সভাপতির বক্তব্যে মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ বলেন, দেশে চিনি, গুড় ও মধু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, আমদানিনির্ভরতা কমানো এবং আখচাষিসহ সংশ্লিষ্ট কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সময়োপযোগী ও মাঠপর্যায়ে কার্যকর গবেষণার বিকল্প নেই। এ জন্য উচ্চফলনশীল ও রোগবালাইসহনশীল জাত উদ্ভাবন, উৎপাদন ব্যয় হ্রাস, আখের সঙ্গে সাথি ফসল চাষ সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কর্মশালায় বক্তারা জানান, বিএসআরআই সুগারক্রপের ছয়টি ফসল নিয়ে গবেষণা করছে। এর মধ্যে আখের ৪৯টি, সুগারবিটের দুটি, স্টেভিয়ার একটি ও তালের একটি উন্নত জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২২১টি আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণের কার্যক্রম চলমান রয়েছে।
কর্মশালায় ইনস্টিটিউটের বিভিন্ন গবেষণা বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানীরা তাঁদের চলমান গবেষণার অগ্রগতি, অর্জন ও সীমাবদ্ধতা তুলে ধরেন। এতে সুগারক্রপের নতুন জাত উদ্ভাবন, উৎপাদন প্রযুক্তি, কৃষিযন্ত্র, মাটি ও পানি ব্যবস্থাপনা, রোগবালাই দমন, আখের সঙ্গে সাথি ফসল চাষ, ফসল সংগ্রহোত্তর ব্যবস্থাপনা এবং গুড় ও চিনি প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিশেষজ্ঞদের পর্যালোচনা ও সুপারিশের ভিত্তিতে আগামী অর্থবছরের গবেষণা কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়। এতে নতুন গবেষণা প্রকল্প গ্রহণ, চলমান গবেষণার অগ্রাধিকার নির্ধারণ এবং গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এর আগে গত ১৪ নভেম্বর শনিবার সকালে ইনস্টিটিউটের এএসএম কামাল উদ্দিন মেমোরিয়াল হলে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ও প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক বিশেষজ্ঞ ড. এম. আসাদুজ্জামান সরকার। সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের মহাপরিচালক ড. কবির উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম. আসাদুজ্জামান সরকার বলেন, দেশের চিনি ও গুড় শিল্পের উন্নয়নে বিএসআরআইয়ের গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে এগিয়ে নিতে উন্নত জাত উদ্ভাবন, ফলন বৃদ্ধি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তির উন্নয়নে গবেষণা অব্যাহত রাখতে হবে।
কর্মশালায় বিএসআরআইয়ের বিজ্ঞানী, গবেষক ও কর্মকর্তাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের গবেষকেরা অংশগ্রহণ করেন।
এসআই