ফাইল ছবি
ঢাকা: অবশেষে তিন বছরের বেশি সময় পর একাডেমি অব লার্নিং লিমিটেডের বীমা এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। আগের নির্দেশনা দেয়ার ক্ষেত্রে কার্যপদ্ধতিগত ত্রুটি পাওয়ায় গত ১৬ নভেম্বর এ সিদ্ধান্ত নেয়া হয়।
আইডিআরএর প্রশাসন অনুবিভাগের পরিচালক মো. বদিউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তাকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ২০২৩ সালের ১ আগস্ট একাডেমি অব লার্নিংয়ের বীমা এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আইডিআরএ। পরে ওই নির্দেশনা দেয়ার প্রক্রিয়া পর্যালোচনা করে কর্তৃপক্ষ। এতে কার্যপদ্ধতিগত ত্রুটি পাওয়ায় আগের নির্দেশটি প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে একাডেমি অব লার্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি ) সুলতান-উল-আবেদীন মোল্লা বলেন, ২০২৩ সালের ৩১ জুলাই আইডিআরএ'র একটি শুনানিতে একাডেমিকে ডাকা হয়। সেখানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। পরদিন ১ আগস্ট প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে পুনঃতদন্তের নির্দেশ দেয় আইডিআরএ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত একাডেমির বীমা এজেন্ট প্রশিক্ষণ বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়।
সুলতান-উল-আবেদীন মোল্লার মতে, একাডেমি বারবার চিঠি দিয়ে তদন্ত শেষ করার অনুরোধ জানালেও আইডিআরএ এ বিষয়ে দেরি করে। প্রায় তিন মাস পর তদন্ত করা হলেও কোনো প্রতিবেদন দেয়া হয়নি। একই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম আবার চালুর অনুমতিও দেয়া হয়নি।
তিনি বলেন, পরে একাডেমি এ নির্দেশনার বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। আদালত আইডিআরএ'র নির্দেশনার কার্যকারিতা স্থগিত করেন। এর মধ্যে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য ব্যবসায়িক ক্ষতি হয়। এমনকি একাডেমির কয়েকজন কর্মীর উদ্যোগে গঠিত নতুন একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানকেও আইডিআরএ অনুমোদন দেয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আদালতে রিট করার পরও একাডেমি বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আইডিআরএকে অনুরোধ করে। এর পরিপ্রেক্ষিতেই ২০২৩ সালের ১ আগস্টের নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য আইডিআরএ'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে একাডেমি।
তবে নির্দেশ প্রত্যাহার করা হলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে আইনগত ব্যবস্থা নেয়ার অধিকার বহাল রেখেছে আইডিআরএ। চিঠিতে বলা হয়েছে, বর্তমান সিদ্ধান্তের কারণে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষের কোনো বাধা থাকবে না।
এএইচ/পিএস