আওয়ামী লীগ ‘টেররিস্ট’ দল: দুলু

  • নাটোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০৬:২৭ পিএম
আওয়ামী লীগ ‘টেররিস্ট’ দল: দুলু

ছবি : প্রতিনিধি

​নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে একটি ‘টেররিস্ট রাজনৈতিক দল’ হিসেবে অভিহিত করেছেন।

সোমবার (২৩ নভেম্বর) নাটোর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

​সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ দেশে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দিয়ে মানুষ হত্যা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে ৫ আগস্টের আগের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করছে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার আট মাসের মাথায় এই কর্মকাণ্ডের প্রতিবাদে তাদের রাজপথে নামতে হয়েছে।

​বিএনপি ও তারেক রহমান সন্ত্রাস ও অগ্নিসংযোগের রাজনীতি করেন না উল্লেখ করে হুইপ দুলু জানান, সরকারি ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। আগামী বিজয়ের মাস (ডিসেম্বর) জুড়ে নাটোরের জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকার ঘোষণাও দেন তিনি।

​এর আগে, আওয়ামী লীগের কথিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

পিএস

Link copied!