লালবাগের মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিনকে

  • আদালত প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ১২:৪৪ পিএম
লালবাগের মামলায় গ্রেফতার দেখানো হলো শিরীন শারমিনকে

রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দায়ের করা একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।

তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

তাকে কখন আদালতে তোলা হবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে কাজ চলছে।

এর আগে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের একটি বাসা থেকে তাকে আটক করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে এ দায়িত্ব পালন করেন। সর্বশেষ জাতীয় নির্বাচনের পরও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত ছিলেন।

পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতনের ২৭ দিনের মাথায় তিনি স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। রংপুরে গুলিতে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়, যেখানে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি-সহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

এম

Link copied!