ডিএমপি-ডিবি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৩:১৭ পিএম
ডিএমপি-ডিবি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

ছবি : সংগৃহীত

ঢাকা: গত ১৭ বছরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এবং এর গোয়েন্দা শাখার (ডিবি) কিছু কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এস এম জুলফিকুর আলী জুনু জনস্বার্থে এই আবেদনটি করেন। শুক্রবার (১ মে) তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

রিট আবেদনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা ও বিলম্বের বিষয়টি উল্লেখ করে এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এতে বলা হয়, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও অবৈধ সম্পদ অর্জনসহ নানা অনিয়মের অভিযোগ থাকলেও তা কার্যকরভাবে তদন্ত করা হয়নি। ফলে জনমনে আস্থার সংকট তৈরি হয়েছে এবং আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

রিটে অভিযুক্ত কর্মকর্তাদের সম্পদের বিস্তারিত হিসাব যাচাই করা, দুদককে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ অনুসন্ধান পরিচালনার নির্দেশ প্রদান এবং ৩০ দিনের মধ্যে অভিযোগসমূহ নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবী এস এম জুলফিকুর আলী জুনু গণমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ দীর্ঘদিন ঝুলে থাকা গণতন্ত্র ও সুশাসনের জন্য হুমকিস্বরূপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দ্রুত তদন্ত হওয়া জরুরি।’

পিএস

Link copied!