প্যারোলে মুক্তির আবেদন করেনি যুব মহিলা লীগ নেত্রীর পরিবার

  • বাসস | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৬, ১০:১৭ এএম
প্যারোলে মুক্তির আবেদন করেনি যুব মহিলা লীগ নেত্রীর পরিবার

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কারাবন্দি সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের মৃত্যুর পর তাকে শেষবারের মতো দেখতে প্যারোলে মুক্তির কোনো আবেদন করেনি শর্মীর পরিবার। 

বরং সন্তানের মরদেহ কারাগারের সামনে নিয়ে এলে সেখানে শেষবারের মতো দেখার সুযোগ চেয়ে আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় কারাফটকে মাকে সন্তানের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।

তিনি বলেন, শর্মীর পরিবার প্যারোলের আবেদন করেনি। আবেদন করেছে জেলগেটে দেখার জন্য। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবেদনের নথি থেকে জানা যায়, সিনিয়র জেল সুপারের কাছে ‘সন্তানের দাফনের পূর্ব মুহূর্তে জেলগেটে একনজর দেখার অনুমতি’ চেয়ে আবেদন করেন শারমিন সুলতানা শর্মীর স্বামী ড. মো. শাহাদাৎ হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, শারমিন সুলতানা শর্মীর স্বামী বর্তমানে লালবাগ থানার মামলা নং-০৮ (০৭) ২০২৬; জি, আর নং-৮৭/২৬। উক্ত মামলায় তিনি জেল হাজতে আছেন। শারমিন সুলতানা শর্মীর সন্তান নিসর্গ হোসেন তুর্য শুক্রবার রাতে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছে। উল্লেখ্য, তুর্য বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান।

দাফনের পূর্বে সন্তানকে একনজর দেখার জন্য সিনিয়র জেল সুপারের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

এম

Link copied!