ছাত্রদল নেতা আশিক হত্যাচেষ্টা

হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৩, ২০২৬, ১২:২৫ পিএম
হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

ফাইল ছবি

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদল কর্মী আশিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ। অভিযোগের সংশ্লিষ্টতা না পাওয়ায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়েছে।

রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ ও তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেলের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে আহত হওয়ার ঘটনায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও দেড়শো জনকে আসামি করা হয়েছিল।

মামলার অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল ও জাহাঙ্গীর কবির নানকসহ অন্যদের ষড়যন্ত্র ও পূর্ব-নির্দেশনা অনুযায়ী অভিযোগপত্রভুক্ত অপর আসামিরা পরস্পর অপরাধমূলক ষড়যন্ত্র করে সারা দেশে ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনকে সহিংসভাবে থামানোর লক্ষ্যে সচেষ্ট ছিল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় বিক্ষোভ করছিলেন আন্দোলনকারীরা। ওইদিন বিকেল পৌনে ৩টার দিকে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা ও গুলিবর্ষণ করা হয়। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান আশিক। পরে মৃত ভেবে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে রেখে যায়।

পিএস

Link copied!