আজ থেকে আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৯:০৬ এএম
আজ থেকে আরও ১২ জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা

দেশের আরও ১২টি জেলায় চালু হচ্ছে ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা। জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করতে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে নতুন এ ব্যবস্থা চালু হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিচার ব্যবস্থার আধুনিকীকরণ এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড বা জামিননামা দাখিল পদ্ধতির পরিবর্তে ‘ই- বেইল বন্ড’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এই উদ্যোগটি বিচারপ্রার্থী, কারা কর্তৃপক্ষ ও আইনজীবীসহ সংশ্লিষ্ট সকলের সময় ও অর্থ সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। এর আগে দেশের ১৬টি জেলায় তিনটি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়।’

আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক বলেন, ‘আগে জামিননামা (বেইল বন্ড) সম্পন্ন করতে আদালত থেকে কারাগার পর্যন্ত ১৩টি ম্যানুয়াল বা কায়িক ধাপ পার হতে হতো। ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থার ফলে এখন মাত্র তিনটি প্রধান ধাপেই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে, যা জামিন সংক্রান্ত কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করেছে।’

জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। দ্বিতীয় ধাপে, ২০২৬ সালের ২১ জানুয়ারি মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এটি চালু করা হয়। তৃতীয় ধাপে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এই ব্যবস্থাটি চালু করা হয়। সূত্র- বাসস

এম

Link copied!