ছবি: সংগৃহীত
ঢাকা: ২৪ এর গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মো. সুজন হকের সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইলের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।
এদিন পুলিশি পাহারায় তাকে আদালতে তোলা হয়। পরে রিমান্ড বাতিল চেয়ে তার পক্ষে আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ড চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দ্বিতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়, সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন জবাব প্রদান করে ডিবি পুলিশকে বিভ্রান্ত করে মামলার মোড় অন্যদিকে প্রবাহের চেষ্টা করে। মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থা সংক্রান্ত ব্যাপারে সে কোনো সদুত্তর দিতে পারেনি। তথাপিও সে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
সেসব তথ্য যাচাই-বাছাই, মূল রহস্য উদঘাটন এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য আসামি সাঈদ খোকনকে পুনরায় সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে গত মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক মো. সুজন হক তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্র জোগান দিয়েছেন।
আরো বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নিম্নোক্ত কারণে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
পিএস