ডিএসইর নতুন সিএফও হলেন আবিদ হোসেন খান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:৫৩ পিএম
ডিএসইর নতুন সিএফও হলেন আবিদ হোসেন খান

ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির নতুন প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হিসেবে রোববার (০১ ফেব্রুয়ারি) যোগদান করেন মোঃ আবিদ হোসেন খান, এফসিএ, এফএফএ, এফআইপিএ (ইউকে)। ডিএসইতে যোগদানের পূর্বে তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর এবং গ্রামীণফোনে মহাব্যবস্থাপক ফিনান্স হিসেবে দায়িত্ব পালন করেন৷

তিনি একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, যিনি হিসাবরক্ষণ, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আর্থিক পরিকল্পনা ও বিশ্লেষণ, ব্যবসায়িক পারফরম্যান্স ব্যবস্থাপনা, ট্রেজারি এবং কর ব্যবস্থাপনায় ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। বৃহত ও বহুমুখী দলকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনে কার্যকর আর্থিক কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে তাঁর ব্যাপক দক্ষতা রয়েছে। বিদ্যমান প্রক্রিয়া ও ব্যবস্থার ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর সক্ষমতা রয়েছে। দক্ষ নেতৃত্ব ও যোগাযোগ ক্ষমতার অধিকারী একজন সক্রিয় দলগত সদস্য হিসেবে তিনি জটিল আর্থিক বিষয়গুলো পেশাদারিত্ব ও নিখুঁত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন।

আবিদ হোসেন ন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (বাণিজ্য) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে কেপিএমজি বাংলাদেশ এর তত্ত্বাবধানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে যোগ্যতা অর্জন করেন এবং বর্তমানে ফেলো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পাশাপাশি তিনি যুক্তরাজ্যের ইনস্টিটিউট অব ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্টস (আইএফএ) এবং ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস (আইপিএ)-এর ফেলো সদস্য।

কর্মজীবনে তিনি দেশের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব প্রদান করেছেন। তিনি গ্রামীণফোন লিমিটেড ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেডে দীর্ঘদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, যেখানে তিনি আর্থিক প্রতিবেদন, কর ব্যবস্থাপনা, আইএফআরএস অনুযায়ী হিসাব প্রণয়ন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বৃহত কর্পোরেট অডিট ও মূল্যায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তীতে তিনি এসটিএস গ্রুপে হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলালিংকে এফপিঅ্যান্ডএ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

সবশেষে, তিনি শপআপ গ্রুপে গ্রুপ ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক একাধিক প্রতিষ্ঠানের এন্ড-টু-এন্ড ফাইন্যান্স কার্যক্রম তত্ত্বাবধান করেন। এ সময় তিনি দেশীয় ও আন্তর্জাতিক উত্স থেকে বড় অঙ্কের ঋণ ও ইকুইটি ফান্ড সংগ্রহ, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, ব্যবসায়িক সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়ন এবং কর্পোরেট গভর্ন্যান্স কাঠামো শক্তিশালীকরণে নেতৃত্ব দেন।

পেশাগত জীবনে তিনি বৃহৎ আইপিও সম্পন্নকরণ, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ও বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়ন চুক্তি সম্পাদন, বৈদেশিক ঋণ সংগ্রহ, আইটি-ভিত্তিক ফাইন্যান্স সিস্টেম ও ইআরপি বাস্তবায়ন এবং প্রক্রিয়া উন্নয়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। ব্যাংক, নিয়ন্ত্রক সংস্থা, বিনিয়োগকারী ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে কার্যকর ও পেশাদার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে তিনি সুপরিচিত।

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণা জার্নাল এবং সাধারণ ও আর্থিক দৈনিক পত্রিকায় মোট আটটি প্রবন্ধ প্রকাশ করেছেন৷ তিনি এক্সটেন্ডেড লিডারশিপ, লিডারশিপ এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস (IFRS) বিষয়ে বিস্তৃত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া ইনসিয়াড (INSEAD) চ্যাম্পিয়ন্স ট্রেনিং প্রোগ্রামের আওতায় তিনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ডিজিটাল ইনোভেশনের মাধ্যমে ব্যবসায়িক পরিবর্তন এবং এইচএফএম (HFM)-এর মাধ্যমে প্রেজেন্টেশন ও রিপোর্টিংয়ে বিশেষায়িত প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

এএইচ/পিএস

Link copied!