২৪ ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনের আল্টিমেটাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:০১ পিএম
২৪ ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের পর্ষদ গঠনের আল্টিমেটাম

ছবি : প্রতিনিধি

ঢাকা: আগামী ২৪ ঘন্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের সামনে অনুষ্ঠিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে কেন্দ্রীয় ব্যাংককে সময়সীমা বেঁধে দিয়ে এই ঘোষণা দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক নুর নবী মানিক। 

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যা সমাধানে গ্রাহকদের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে সাত দফা দাবি উপস্থাপন করা হয়েছে। ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আমানতকারীদের পক্ষ থেকে উপস্থাপিত সাত দফা দাবির স্মারকলিপি গভর্নরকে প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের দাবি পর্যালোচনা করে সাত দফা দাবিকে যৌক্তিক দাবি হিসেবে স্বীকার করেছে। কিন্তু যৌক্তিক দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও আমানতকারীরা মনে করে বাংলাদেশ ব্যাংক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। 

সাত দফা দাবি তুলে ধরে তিনি বলেন, আমাদের যৌক্তিক এবং পরিস্কার দাবি হচ্ছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে “অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের একটি পূর্ণাঙ্গ ও স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন’, ‘২০১৭ সালে গায়ের জোরে ও রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ইসলামী ব্যাংকের যেসকল শেয়ারহোল্ডারদের থেকে বৈধ মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল, তাদের মালিকানা ফিরিয়ে দেওয়া’, ‘ব্যাংক লুটেরাদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং এস আলম সহ যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা’, ‘ইসলামী ব্যাংকগুলোতে বিরাজমান আতঙ্ক দূর করা এবং ব্যাংকিং খাতে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে যেকোনো বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ থেকে বাংলাদেশ ব্যাংক ও সরকারকে বিরত থাকা’, ‘ব্যাংকের লুণ্ঠিত অর্থ উদ্ধার ও এস আলমের সম্পদ বাজেয়াপ্ত করা’, ‘ব্যাংক কোম্পানি আইনের ১৮/ক ধারা সংশোধনের মাধ্যমে লুটেরাদের পুনরায় ব্যাংকে পুনর্বাসনের যে ছদ্মবেশী সুযোগ রাখা হয়েছে, তা অবিলম্বে বাতিল করা, জাতীয় সংসদে ইসলামী ব্যাংক নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অসত্য বক্তব্য এবং ডাকাত এস আলমের হাতে পুনরায় ব্যাংক তুলে দেওয়ার যে প্রচ্ছন্ন আভাস দেওয়া হয়েছে, তা অনতিবিলম্বে প্রত্যাহার করা”। 

তিনি বলেন, ব্যাংকের শেয়ারহোল্ডার এবং আমানতকারীদের যৌক্তিক সাত দফা বাস্তবায়ন না করে বাংলাদেশ ব্যাংক কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র সফল করার কাজ করছে বলে আমরা মনে করি। বাংলাদেশ ব্যাংক যদি দেশ ও জনগণের কল্যাণ চায়, ব্যাংকের আমানতের সুরক্ষা নিশ্চিত করতে চায় তবে ২৪ ঘন্টার মধ্যে আমাদের সাত দফা দাবি মেনে নিতে হবে। নতুবা আগামী বুধবার ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

এএইচ/পিএস

Link copied!