ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাম্প্রতিক সিদ্ধান্তে শেয়ারবাজারের তদারকি ও নিয়ন্ত্রণ কার্যক্রমে আরও গতি আসবে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ সিদ্ধান্তের ফলে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, কার্যকর ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করা, সুশৃঙ্খল বাজার পরিবেশ বজায় রাখা এবং বাজার উন্নয়নের কার্যক্রম আরও সহজ হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ডিএসই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুলাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২০ক ধারার আওতায় একটি আদেশ জারি করেছে বিএসইসি। ওই আদেশের মাধ্যমে নিজস্ব প্রবিধান ও নীতিমালার আওতায় বাজার নিয়ন্ত্রণসংক্রান্ত বিভিন্ন প্যারামিটার নির্ধারণ ও বাস্তবায়নের ক্ষমতা দেওয়া হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে শক্তিশালী করবে।
তবে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমানে কার্যকর বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে ডিএসই। অর্থাৎ নতুন ক্ষমতা পেলেও আপাতত বিদ্যমান বাজার পরিচালনা ব্যবস্থায় কোনো পরিবর্তন আসছে না। বিএসইসির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ডিএসই।
প্রতিষ্ঠানটির মতে, বাজার নিয়ন্ত্রণ প্যারামিটার নির্ধারণে স্টক এক্সচেঞ্জকে ক্ষমতা দেওয়ার এ উদ্যোগ শেয়ারবাজারের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :