ব্যবসায় ধস ইসলামী ব্যাংকের, কমেছে সম্পদ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০১:৪২ পিএম
ব্যবসায় ধস ইসলামী ব্যাংকের, কমেছে সম্পদ

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (ইসলামী ব্যাংক) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) বড় লোকসান করেছে। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২৪ পয়সা। বড় লোকসানের পাশাপাশি ব্যাংকটির সম্পদের পরিমাণও কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৮ পয়সা। ২০২৫ সালের একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪২ পয়সা।

চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৯ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ টাকা ৬৮ পয়সা।

এদিকে, ২০২৬ সালের ৩০ জুন শেষে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩০ জুন শেষে যা ছিল ৪৪ টাকা ৩৯ পয়সা।

ব্যাংকটির কর্তৃপক্ষ জানিয়েছে, একক ভিত্তিতে আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮ টাকা ৫৮ পয়সা কমেছে। এর প্রধান কারণ হলো আমানতের বিপরীতে মুনাফা পরিশোধ ব্যয় বৃদ্ধি, খেলাপি বিনিয়োগ বেড়ে যাওয়ায় বিনিয়োগ আয় কমে যাওয়া এবং অন্যান্য ব্যাংকে প্লেসমেন্ট থেকে আয় হ্রাস পাওয়া।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নিয়ন্ত্রক নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে আমানত সংগ্রহ জোরদার, পর্যাপ্ত তারল্য বজায় রাখা এবং পরিচালন নগদ প্রবাহ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে ব্যাংকটি।

এএইচ/পিএস

Link copied!