ছবি : প্রতিনিধি
ঢাকা: চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ১২৬টি কনটেইনারে রক্ষিত মোট ৩ হাজার ২৬৮ মেট্রিক টন পণ্য পরিবেশসম্মত উপায়ে ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ধ্বংসযোগ্য পণ্যসমূহের মধ্যে রয়েছে ৩৪ কনটেইনার নিম্নমানের খেজুর, ৪০ কনটেইনার মেয়াদোত্তীর্ণ সোডা অ্যাশ, ১৮ কনটেইনার মেয়াদোত্তীর্ণ ফিড গ্রেড লাইম স্টোন এবং অন্যান্য পচনশীল ও নষ্ট পণ্য যেমন—কমলা, পেঁয়াজ, কাজুবাদাম (কেশনাট) ইত্যাদি।
গত ২৪ আগস্ট সকাল ১০টা থেকে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবের পেছনের নির্ধারিত স্থানে এ ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে, যা নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিজিবি, আনসার সদস্য এবং স্থানীয় বন্দর থানা পুলিশের একটি দল সরেজমিনে উপস্থিত থেকে পুরো ধ্বংসকাজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহায়তা প্রদান করছেন।
চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃক পরিচালিত পচনশীল ও ক্ষতিকর পণ্য ধ্বংসের এ কার্যক্রম চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট নিরসনে অত্যন্ত কার্যকরী অবদান রাখবে বলে আশা প্রকাশ করছে জাতীয় রাজস্ব বোর্ড।
চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতায় বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলাম-অযোগ্য এবং ধ্বংসযোগ্য পণ্যসমূহ পর্যায়ক্রমে ধ্বংস করার এ প্রক্রিয়া জরুরি ভিত্তিতে অব্যাহত থাকবে।
এএইচ/পিএস