সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৩১ পিএম
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহরা মূল টাকা মিললেও মুনাফা পাবেন না

ফাইল ছবি

ঢাকা: ব্যাংক রেজুলেশন স্কিম, ২০২৫-এর আওতায় অপ্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ উত্তোলনের সুবিধা দিতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনার আওতায় চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি আমানতের শুধু আসল টাকা এককালীন উত্তোলন করতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। তবে মূল টাকার সঙ্গে কোনো মুনাফা দেওয়া হবে না।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুলেশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক রেজুলেশন স্কিমের আওতায় কোনো অ-প্রাতিষ্ঠানিক আমানতকারী তার চলতি ও সঞ্চয়ী হিসাবের স্থিতি এবং মেয়াদি হিসাবের শুধু আসল অর্থ উত্তোলন করতে চাইলে, হস্তান্তরকারী ব্যাংক তাকে ওই অর্থ পরিশোধ করবে। অর্থাৎ মুনাফা বা সুদ বাদ দিয়ে আমানতকারী যে অর্থ নিজ তহবিল থেকে ব্যাংকে জমা রেখেছেন, তা ফেরত দেওয়ার সুযোগ থাকবে।

এ ক্ষেত্রে আমানতকারী উত্তোলন সুবিধা নিতে চাইলে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে তা পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি (ফুল অ্যান্ড ফাইনাল সেটেলমেন্ট) হিসেবে গণ্য হবে। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট হিসাবের বিপরীতে আমানতকারীর আর কোনো দাবি গ্রহণযোগ্য হবে না।

তবে অর্থ ফেরতের আগে ব্যাংক রেজুলেশন স্কিম, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় উল্লেখিত হস্তান্তরকারী ব্যাংকগুলোর কাছে আমানতকারীর কোনো দায় থাকলে, তার মোট পরিমাণ আমানত থেকে সমন্বয় বা কর্তন করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এসআই

Link copied!