অনিবাসী বিনিয়োগকারীদের জন্য অগ্রাধিকার শেয়ার (প্রেফারেন্স শেয়ার) ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, পরিশোধ ও লভ্যাংশ বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়ে পৃথক সার্কুলার জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ থেকে সার্কুলার জারি করা হয়। এতে অগ্রাধিকার শেয়ার ইস্যুকারী কোম্পানি, অনিবাসী বিনিয়োগকারী এবং এ-সংক্রান্ত লেনদেনে যুক্ত ব্যাংকগুলোর করণীয় নির্ধারণ করে দেওয়া হয়।
সার্কুলার অনুযায়ী, বাংলাদেশি কোম্পানিগুলো অনিবাসী বিনিয়োগকারীদের অনুকূলে সর্বোচ্চ ৫ শতাংশ লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারবে। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হবে না। তবে শেয়ার ইস্যুর পর সংশ্লিষ্ট কোম্পানিকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগে প্রতিবেদন জমা দিতে হবে।
অন্যদিকে, ৫ শতাংশের বেশি লভ্যাংশ হারে অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চাইলে প্রস্তাবিত লভ্যাংশ হারের যৌক্তিকতা তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
নতুন নির্দেশনায় অগ্রাধিকার শেয়ারের বিপরীতে অনিবাসী বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ বিদেশে পাঠানো এবং এসব শেয়ার পরিশোধের ক্ষেত্রেও প্রক্রিয়া সহজ করা হয়েছে। এ দুটি কাজের জন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।
এছাড়া অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তরের নিয়ম এবং শেয়ার ইস্যু ও পরবর্তী প্রতিবেদন দাখিলের প্রক্রিয়াও নতুন সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।
এএইচ /এম