ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬, ০১:৩১ পিএম
ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ফাইল ছবি

ঢাকা: দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন শেষে এর পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের ৩০ সেপ্টেম্বর ২০২৬ ভিত্তিক ব্যাংক খাতের ঋণসংক্রান্ত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। 

এতে দেখা যায়, জুন শেষে ব্যাংক খাতে মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হার ছিল ৩২ দশমিক ৭৮ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮০ শতাংশে। অর্থাৎ তিন মাসে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে ১ দশমিক ০২ শতাংশীয় পয়েন্ট।

তবে গত বছরের একই সময়ের তুলনায় শ্রেণিকৃত ঋণের হার কিছুটা কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে এ হার ছিল ৩৫ দশমিক ৭৩ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে শ্রেণিকৃত ঋণের হার কমেছে ১ দশমিক ৯৩ শতাংশীয় পয়েন্ট।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ ৫০ হাজার কোটি টাকা। তিন মাসে মোট ঋণও বেড়েছে।

ঋণের বিপরীতে ব্যাংকগুলোর প্রভিশন সংরক্ষণের চিত্রও উদ্বেগজনক। সেপ্টেম্বর শেষে প্রভিশন সংরক্ষণের অনুপাত দাঁড়িয়েছে ৫৪ দশমিক ৭৫ শতাংশে। জুন শেষে এ হার ছিল ৫৪ শতাংশ। অর্থাৎ প্রভিশন সংরক্ষণের অনুপাত কিছুটা বাড়লেও খেলাপি ঋণের তুলনায় তা পর্যাপ্ত নয়।

অন্যদিকে, সেপ্টেম্বর শেষে নিট শ্রেণিকৃত ঋণের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশ। জুন শেষে এ হার ছিল ১৫ দশমিক ২২ শতাংশ। তিন মাসে নিট শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে প্রায় শূন্য দশমিক ৯০ শতাংশীয় পয়েন্ট।

ব্যাংক খাতের এ চিত্রে ঋণের মানের অবনতি এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ আবারও সামনে এসেছে। শ্রেণিকৃত ঋণের পরিমাণ ও হার বাড়তে থাকায় ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, ঋণ বিতরণের পরিবেশ এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।

এএইচ/পিএস

Link copied!