ইসলামিক ব্যাংকিং খাতের সংকট নিরসনে বসছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৩:০২ পিএম
ইসলামিক ব্যাংকিং খাতের সংকট নিরসনে বসছে এনবিআর ও বাংলাদেশ ব্যাংক

ফাইল ছবি

দেশের ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)। এ খাতের সামগ্রিক বিকাশ, টেকসই উন্নয়ন ও সম্প্রসারণের স্বার্থে সদস্য ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় জোরদারেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গত ২৩ নভেম্বর ২০২৬ রাজধানীর গুলশানে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত আইবিসিএফের নির্বাহী কমিটির পঞ্চম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন আইবিসিএফ ও শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ।

সভায় ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের বিভিন্ন নীতিগত বিষয়, চলমান সংকট, তা উত্তরণের উপায় এবং এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আলোচনায় খাতটির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপস্থিত নীতিনির্ধারকেরা।

বৈঠকে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান বদিউর রহমান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান ফিরোজুর রহমান এবং এনসিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ।

এ ছাড়া বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সভায় অংশ নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন আইবিসিএফের অনারারি সচিব নূরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম। শাহ্জালাল ইসলামী ব্যাংকের জনসংযোগ বিভাগের (পিআরডি) ইনচার্জ কে এম হারুনুর রশীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এসএইচ 

Link copied!