ফাইল ছবি
দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের চলে যাওয়ার প্রবণতা বেড়েছে। নতুন বিনিয়োগ তো আসছেই না, বরং পুরোনো বিনিয়োগ তুলে নিচ্ছেন তারা। গত প্রায় নয় বছরে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কেনার তুলনায় বিক্রি করেছেন প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। এর মধ্যে চলতি বছরের প্রথম ১০ মাসেই তাঁদের নিট বিক্রির পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ৩১ হাজার ৫৩৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। বিপরীতে কিনেছেন ২১ হাজার ৬১৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। অর্থাৎ এ সময়ে তাঁদের নিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৯২১ কোটি ৬ লাখ টাকা।
বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহারের প্রবণতা বেড়েছিল করোনাকালে ফ্লোর প্রাইস আরোপের পর। শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দেওয়ায় অনেক বিনিয়োগকারী চাইলেও শেয়ার বিক্রি করতে পারেননি। পরে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হলেও তাদের আস্থা ফেরেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে টাকার অবমূল্যায়ন, রাজনৈতিক অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা পাঁচ বছরে বিদেশি বিনিয়োগকারীরা ১৫ হাজার ৩৮৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ২৩ হাজার ৩৭৪ কোটি ৫০ লাখ টাকার। এ সময়ে তাদের নিট বিক্রি ছিল ৭ হাজার ৯৮৬ কোটি ৭৪ লাখ টাকা।
২০২৩ সালে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছিল। ওই বছর বিদেশি বিনিয়োগকারীরা ১ হাজার ১১৫ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৫১ কোটি ৪৫ লাখ টাকার। ফলে তাঁরা নিট ক্রেতা ছিলেন। নিট কেনার পরিমাণ ছিল ৬৪ কোটি ৪৮ লাখ টাকা।
তবে এ প্রবণতা স্থায়ী হয়নি। ২০২৪ সালে বিদেশি বিনিয়োগকারীরা ১ হাজার ৬৮৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ১ হাজার ৯৫৫ কোটি ৪৩ লাখ টাকার। এতে নিট বিক্রি দাঁড়ায় ২৭১ কোটি ৫৭ লাখ টাকা। ২০২৫ সালে ১ হাজার ৮২৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেন ২ হাজার ৯৫ কোটি ৩৪ লাখ টাকার। ওই বছর নিট বিক্রি ছিল ২৭০ কোটি ২৬ লাখ টাকা।
চলতি বছর বিদেশিদের শেয়ার বিক্রির চাপ আরও বেড়েছে। বছরের প্রথম ১০ মাসে তারা ১ হাজার ৬০৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ৩ হাজার ৬১ কোটি ৭৭ লাখ টাকার। এতে নিট বিক্রি দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৯৭ লাখ টাকা। অর্থাৎ ২০২৪ ও ২০২৫ সালের সম্মিলিত নিট বিক্রির চেয়েও বেশি শেয়ার চলতি বছরের প্রথম ১০ মাসে বিক্রি করেছেন বিদেশিরা।
দীর্ঘদিন বিনিয়োগ আটকে থাকায় বাংলাদেশের পুঁজিবাজারের প্রতি তাঁদের অনাস্থা তৈরি হয়েছে। ভবিষ্যতে আবারও এ ধরনের বিধিনিষেধ আরোপ করা হতে পারে, এমন আশঙ্কাও রয়েছে তাঁদের মধ্যে।
এদিকে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সম্প্রতি বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধের প্রক্রিয়া সহজ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে দ্বৈত কর পরিহার চুক্তির সনদ পাওয়ার ৩০ দিনের মধ্যে বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ পরিশোধ করতে হবে।
এ ছাড়া বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ও অর্থ প্রত্যাবাসন সহজ করতে নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্টের (এনআইটিএ) নিয়মে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিও হিসাব খোলার প্রক্রিয়া ডিজিটাল করা এবং অনবোর্ডিং পোর্টাল চালুর উদ্যোগও নিয়েছে বিএসইসি।
এসএইচ