অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগের ব্যাখ্যা দিলো দারাজ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২১, ০৪:২৪ পিএম
অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগের ব্যাখ্যা দিলো দারাজ

ঢাকা: অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগ উঠেছে দারাজের বিরুদ্ধে।প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগ তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।অনিয়ম সংক্রান্ত তথ্য-উপাত্তের জের ধরে দারাজের চিফ অপারেশন অফিসারকে সম্প্রতি সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জিজ্ঞাসাবাধ করেছে।

এই ঘটনায় নড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক। দারাজের সাথে বাংলাদেশ ব্যাংকের লেনদেন সংক্রান্ত তথ্য চেয়েছে সিআইডি। বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এদিকে দারাজের ভার্চুয়াল পণ্য বিক্রির আইনী বিষয়গুলো সিআইডি ছাড়াও একাধিক সংস্থা খতিয়ে দেখছে।

তবে বিষয়টি অস্বীকার করেছে দারাজ কর্তৃপক্ষ। দারাজের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদুস (রুশো) বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, দারাজ একটি অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করে যেখানে বিক্রেতারা একটি ডিজিটাল শপ খুলে তাদের পণ্যের বিবরণ, ছবি ও দাম উল্লেখ করে তালিকাভুক্ত করে। গ্রাহকরা তাদের পছন্দমতো উল্লেখিত একটি পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে যে কোনো সময় যে কোনো স্থান থেকে পণ্য ক্রয় করতে পারেন। 

দারাজ শুধু বিক্রেতা এবং ক্রেতার কেনাকাটা সম্পাদনের জন্য একটি মাধ্যম হিসেবে কাজ করে। দারাজ দেশের সংশ্লিষ্ট আইন এবং নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার জন্য সকল ক্রেতাবান্ধব নীতিমালা দ্বারা সেবা প্রদান করে থাকে। এছাড়া সকল বিক্রেতার সাথে দারাজ একটি ব্যবসা পরিচালনা চুক্তি সম্পাদন করে।যেখানে বিক্রেতারা অঙ্গীকার করেন যে, তারা দেশের আইন মেনে তাদের প্ল্যাটফর্মে পণ্য বিক্রি করবেন। একইসঙ্গে যে সকল পণ্যের অনুমোদন গ্রহনের প্রয়োজন, সে সকল পণ্যের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক রয়েছে। এর ব্যতয় ঘটলে দারাজ বিক্রেতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। 

ব্যাখ্যায় আরও বলা হয়েছে, দারাজ জনসাধারণের ব্যবহারের জন্য কোনো ধরনের ডিজিটাল পণ্য ক্রয়, বিক্রয়, আমদানি বা উৎপাদন করে না । দারাজ ব্যবসা পরিচালনার সময় ডিজিটাল ই-কমার্স এসওপি-তে বর্ণিত প্রবিধানগুলি কঠোরভাবে মেনে চলে এবং তার প্ল্যাটফর্মে কোনো অননুমোদিত ভার্চুয়াল কার্ড বিক্রির অনুমতি দেয় না। দারাজ 'তার সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক লেনদেন দেশীয় মুদ্রায় করে থাকে। দারাজ কোনো অর্থ অদ্যবধি দেশের বাইরে প্রেরণ করেনি। সকল আর্থিক লেনদেন এর হিসাব দারাজ যথাযথভাবে সংরক্ষণ করে ।

Caption

সোনালীনিউজ/আইএ

Link copied!