দেশ সেরা স্টক ব্রোকার ও স্টক ডিলার ইবিএল সিকিউরিটিজ

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৩:৫২ পিএম
দেশ সেরা স্টক ব্রোকার ও স্টক ডিলার ইবিএল সিকিউরিটিজ

ঢাকা : দেশের পুঁজিবাজারে ভালো পারফরম্যান্সের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক সেরা স্টক ব্রোকার ও স্টক ডিলার নির্বাচিত হয়েছে ইবিএল সিকিউরিটিজ লিমিটেড। কোম্পানিটি ২০২২ সালের অসাধারণ পারফরম্যান্সের জন্য ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ এ প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে ইবিএল সিকিউরিটিজসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই পুরস্কার বিতরণ করেছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের পক্ষে-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান'র কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

ইবিএল সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছায়েদুর রহমান সোনালী নিউজকে বলেন, পুরস্কার পাওয়া সবসময় আনন্দের। আমরা কাজের স্বীকৃতিস্বরুপ পুরস্কার পাওয়ার মাধ্যমে আমাদের কাজের দায়িত্ব আরো বেড়ে গেছে। বিএসইসিকে ধন্যবাদ আমাদের পুরস্কৃত করার জন্য। আমরা বিগত দিন পুঁজিবাজার এবং বিনিয়োগকারিদের জন্য কাজ করেছি, সামনে এই কাজের অগ্রগতি আরও বাড়বে বলে আশা করছি। ভালো কাজের পুরস্কার পেলে যেমন কর্ম স্পৃহা বাড়ে এটাকে কাজে লাগিয়ে সামনে আমাদের ধারাবাহিকতা আরও বেগবান হবে।

উল্লেখ, বিএসইসি গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হচ্ছে। তবে এবার দুইটি ক্যাটাগরিতে, মার্চেন্ট ব্যাংক এবং সম্পদ ব্যবস্থাপকে তৃতীয় স্থানে কোন কোম্পানিকে সিলেক্ট করতে না পারায় সেখানে কাউকে পুরস্কৃত করা হয়নি।

সোনালীনিউজ/এম

Link copied!