ফাইল ছবি
ঢাকা: পাঁচটি শরীয়াহ্ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক।
শনিবার (২৪ জানুয়ারি) ফেসবুকের এক বার্তায় এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, অনিবার্য কারণবশত আগামীকাল ২৫ জানুয়ারি ২০২৬ সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিতব্য সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে না।
জানা যায়, গত আওয়ামী লীগ সরকারের সময়ে কয়েকটি প্রভাবশালী গ্রুপ জালিয়াতির মাধ্যমে ডজনখানেক ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ তুলে নেয়।
এসব অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির চাপেই ব্যাংকগুলো ধীরে ধীরে গভীর সংকটে পড়ে। এরমধ্যে সংকটে থাকা পাঁচটি ব্যাংক একত্রিত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকগুলো হলো– এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা। অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পাঁচ ব্যাংকে বর্তমানে ৭৫ লাখ আমানতকারীর প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। বিপরীতে ঋণ রয়েছে ১ লাখ ৯৩ হাজার কোটি টাকা, যার বড় অংশ এরইমধ্যে খেলাপি হয়ে পড়ে।
এএইচ/পিএস
আপনার মতামত লিখুন :