ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:০০ পিএম
ডিএসইতে চাকরি হারিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগী

ফাইল ছবি

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অন্যায্যভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া এক লিখিত আবেদনে তিনি দাবি করেন, প্রায় ২০ বছর সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করার পর গত ২৫ জুন কোনো কারণ দর্শানোর নোটিশ, পূর্ব অবহিতকরণ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আবেদনে তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত প্রাকৃতিক ন্যায়বিচার, দেশের শ্রম আইন এবং করপোরেট সুশাসনের পরিপন্থী। একটি শীর্ষস্থানীয় পুঁজিবাজার প্রতিষ্ঠানে এমন সিদ্ধান্ত শুধু আইনবহির্ভূতই নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও মানবাধিকারেরও লঙ্ঘন।

তিনি আরও উল্লেখ করেন, চাকরিচ্যুতির কারণে তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে পড়েছে। তার ৬৮ বছর বয়সী অসুস্থ বাবা, ৭৩ বছর বয়সী বৃদ্ধা মা এবং তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত একমাত্র সন্তানের ভরণ-পোষণ ও চিকিৎসা ব্যয় এখন অনিশ্চয়তার মুখে।

আবেদনে তিনি প্রধানমন্ত্রীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরিচ্যুতির বিষয়টি পুনর্বিবেচনা এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি চাকরির ধারাবাহিকতা, বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়ারও অনুরোধ করেন।

একই আবেদনের অনুলিপি অর্থমন্ত্রী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, ডিএসই চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।

ডিএসই কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এএইচ/পিএস

Link copied!