ফাইল ছবি
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা মামলার আইনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ দেওয়া মার্কিন আইন প্রতিষ্ঠান ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে নতুন করে এখনো কোনো আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়নি। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, শিগগিরই অভিজ্ঞ ও অর্থ উদ্ধারে সফল কোনো আইনি প্রতিষ্ঠানকে এ মামলার দায়িত্ব দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের ৪৫২তম পর্ষদ সভায় ‘কোজেন ও কন্নর’-এর সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির সঙ্গে আইনি কার্যক্রমের আনুষ্ঠানিক সম্পর্কও শেষ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এটা একটি স্বাভাবিক ঘটনা। এখানে সন্দেহের কিছু নেই। খুব শিগগিরই অভিজ্ঞ ও অর্থ আদায়ে সফল আইনি প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে।’
২০১৬ সালের ফেব্রুয়ারিতে সাইবার হামলার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভে থাকা হিসাব থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া প্রায় ২ কোটি ডলার ফেরত এলেও ফিলিপাইনে পাচার হওয়া বড় একটি অংশের অর্থ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে এবং ওই মামলার আইনি কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল ‘কোজেন ও কন্নর’-কে।
এএইচ/পিএস